শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা বর্তমানে বিনোদন অঙ্গনে নিয়মিত না থাকলেও নানা কারণে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি বাগদান ও বিয়ের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন আলোচনায় থাকার পর এবার ভক্তদের জন্য নতুন একটি সুখবর দিয়েছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর লুবাবা তার নিজের হারিয়ে যাওয়া ফেসবুক পেজটি ফিরে পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লুবাবা নিজেই এই সুসংবাদ নিশ্চিত করেছেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’ লুবাবার এই পেজ ফিরে পাওয়ার ঘোষণার পর তার অনুসারীদের মাঝে নতুন করে আনন্দের আমেজ তৈরি হয়েছে।
এর আগে লুবাবার বাল্যবিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ও সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই তার কম বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও, পরবর্তীতে গণমাধ্যমকে লুবাবা স্পষ্ট করে জানান যে তিনি এখনো বিয়ে করেননি। তবে দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে যার সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি হয়েছে, তার সঙ্গেই বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন মেনেই নির্ধারিত বয়সে তার বিবাহ সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছিলেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, প্রয়াত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা শৈশব থেকেই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত থাকলেও গত বছরের শেষ দিকে তিনি হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন