বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে আলোচনা থামছেই না। সহশিল্পী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে গোবিন্দের কথিত সম্পর্কের গুঞ্জন ঘিরে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। তবে নানা অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের পরও স্বামীর সঙ্গে আবারও সুখের সংসার গড়ার আশা ছাড়েননি সুনীতা।

সম্প্রতি ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দের সঙ্গে কাটানো পুরোনো দিনের স্মৃতিচারণা করেন তিনি। সুনীতা জানান, একসময় দীপাবলিতে গোবিন্দ তাকে সোনার গয়না উপহার দিতেন। মেয়েকে নিয়েও কেনাকাটা করতে যেতেন তারা। সেই সুন্দর দিনগুলো আবার ফিরে আসবে বলে বিশ্বাস করেন তিনি।

সুনীতার ভাষ্য, গোবিন্দ তাকে ভালোবেসে প্রায়ই ‘ঘরের লক্ষ্মী’ বলে ডাকতেন। শৈশবের ভালোবাসা থেকেই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্বামীর পাশে থাকতে চান তিনি। তাদের ৪০ বছরের দাম্পত্য সম্পর্ক সহজে শেষ হবে না বলেও আশাবাদী সুনীতা। তার মতে, সময় এখন অনুকূলে না থাকলেও একদিন পরিস্থিতি বদলাবে।

গোবিন্দ ও কোমলের কথিত সম্পর্কের গুঞ্জন থেকেই মূলত দম্পতির দাম্পত্য কলহের বিষয়টি সামনে আসে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গোবিন্দের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। তবে ২০২৬ সালের আগস্টে সেই আবেদন প্রত্যাহার করেন তিনি। পরে গোবিন্দ ও কোমল বিয়ের পরিকল্পনা করছেন বলেও দাবি করেন সুনীতা। যদিও গোবিন্দের ম্যানেজার সেই দাবি অস্বীকার করেন।

গত সেপ্টেম্বরে মুম্বাইয়ের লালবাগচা রাজা প্যান্ডেলে গোবিন্দ ও কোমলকে একসঙ্গে দেখা যাওয়ার পর বিতর্ক নতুন করে বাড়ে। একপর্যায়ে কোমলকে গোবিন্দের ‘সুগার ড্যাডি’ বলে মন্তব্য করেন সুনীতা। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে কোমল দাবি করেন, আগে থেকেই ভেঙে যাওয়া কোনো সংসারে নতুন করে কেউ ভাঙন ধরাতে পারে না। তবে এসব বিতর্কে আর জড়াতে চান না সুনীতা। বর্তমানে নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন তিনি।

এদিকে শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুনীতা আহুজার। পরিচালক সাজিদ খানের আসন্ন সিনেমায় ছেলে যশবর্ধন আহুজার মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয়। তাদের এক ছেলে যশবর্ধন ও এক মেয়ে টিনা।