আর্জেন্টিনার পরিবর্তে হাইতির হয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলবেন তরুণ ফুটবলার স্টিফেন ‘কিকি’ রামোস। ভেলেজ সার্সফিল্ডের এই প্রতিভাবান উইঙ্গারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হাইতিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএইচ)। আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে তাঁর এই সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সে জন্মগ্রহণ করেন রামোস। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের সময় তিনি একটি এতিমখানায় ছিলেন। পরে একটি আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেয়। এরপর বুয়েনস এইরেসে বেড়ে ওঠেন তিনি এবং ভেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলে ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন।

এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচে খেলেছেন রামোস। তবে এবার নিজের জন্মভূমির জাতীয় দলকে বেছে নিয়েছেন তিনি। হাইতিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই তরুণ ফুটবলার। বিবৃতিতে তাঁকে হাইতির ফুটবল পরিবারের স্বাগত জানানোর পাশাপাশি তাঁর এজেন্ট ও ভেলেজ সার্সফিল্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে হাইতি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে। বিশ্বকাপের মঞ্চে এবার জন্মভূমির জার্সিতে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন রামোস।

আর্জেন্টিনার যুব দলের হয়ে প্রীতি ম্যাচ খেলার কারণে রামোসের হাইতির হয়ে খেলার পথে স্বয়ংক্রিয়ভাবে বাধা তৈরি হয়নি। ফিফার নিয়মে যুব পর্যায়ের প্রীতি ম্যাচে অংশ নেওয়া মানেই কোনো খেলোয়াড় স্থায়ীভাবে একটি দেশের জাতীয় দলের সঙ্গে আবদ্ধ হয়ে যাওয়া নয়। তবে ভবিষ্যতে অন্য দেশের হয়ে খেলার সুযোগ নির্ভর করবে ফিফার জাতীয়তা পরিবর্তনসংক্রান্ত নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণের ওপর।