দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পরিকল্পনা অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও একটি টেস্ট খেলবে টাইগাররা।
নতুন সূচি অনুযায়ী, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের এই মাঠে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত এই ভেন্যুতে কোনো টেস্ট ম্যাচ খেলেনি টাইগাররা।
দুটি টেস্ট ম্যাচের আগে তিন অথবা চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ফলে আসন্ন ইংল্যান্ড সফর আগের পরিকল্পনার তুলনায় দীর্ঘ হবে। সফরের মাধ্যমে ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের প্রস্তুতি ও সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশকে শুধু লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছিল। সফরে ওয়ানডে ম্যাচ যুক্ত করার চেষ্টা করেছিল বিসিবি। তবে সেই উদ্যোগ সফল হয়নি। পরে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে বাড়তি টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর আবারও ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে টাইগাররা। এদিকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন