প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ‘এল নিনো’ প্রপঞ্চের প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের বাকি সময় এবং আগামী বছরের শুরুর দিক পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। খবর বিজনেস মিররের।

ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, শক্তিশালী এল নিনোর কারণে বৈশ্বিক তাপমাত্রা আরও শূন্য দশমিক ১ থেকে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মানুষের কর্মকাণ্ডের ফলে আগে থেকেই উষ্ণ হয়ে ওঠা পৃথিবীর জলবায়ুর সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এমন সময় এই সতর্কবার্তা এসেছে, যখন প্রায় ২০০টি দেশের জলবায়ু আলোচক জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-এ অংশ নিচ্ছেন। বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও গ্রিনহাউস গ্যাসের ক্রমবর্ধমান নির্গমনের কারণে বছরজুড়েই বিশ্বকে চরম আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের উষ্ণতা থেকে সৃষ্ট তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ায় রেকর্ড ভাঙা গরম অনুভূত হচ্ছে। মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ কমে যাওয়া, খরা, তাপপ্রবাহ ও অতিবৃষ্টির মতো ঘটনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও স্পষ্ট করছে। চলতি বছরও ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হিসেবে চিহ্নিত হতে পারে।

অতিরিক্ত তাপমাত্রার প্রভাব শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কৃষি উৎপাদন, মানবস্বাস্থ্য, পানিসম্পদ ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী দেশ ও অঞ্চলগুলোই অনেক ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে।

ডব্লিউএমওর সতর্কতা অনুযায়ী, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উদ্যোগ জোরদার করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।