কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া থাকলেও সপ্তাহের শুরুতে বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার থেকে শুরু হতে পারে এই প্রবণতা, যা মঙ্গলবার পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই সারাদেশে আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস নেই। শুক্রবার ও শনিবার দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ দুই দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শুক্রবার রাতে রংপুর ও রাজশাহী বিভাগে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
রোববার বৃষ্টির সম্ভাবনা সীমিত থাকবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার বৃষ্টির সম্ভাব্য এলাকার পরিধি আরও বাড়তে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ বিভাগে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সপ্তাহের শুরুতে বৃষ্টির পরিধি বাড়লেও তা নির্দিষ্ট কিছু এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন