বিয়ের সাজ, হাতে পিস্তল আর পাশে তিন তরুণের হাতে বন্দুক- তাসনিয়া ফারিণের এমন অচেনা লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত ছবিগুলো দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, হঠাৎ এমন সাজে কেন হাজির হলেন অভিনেত্রী? তবে ছবির পেছনের কারণ সামনে এনেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র প্রচারণার অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে এই লুক।
সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। ফারিণের সঙ্গে এতে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় চরকি। পাশাপাশি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে অভিনয়শিল্পীদের চরিত্রের প্রথম ঝলক।
দীর্ঘ বিরতির পর আবারও ওটিটি সিরিজে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সিনেমার কাজে ব্যস্ত থাকায় কিছুদিন এ মাধ্যমে নতুন কোনো সিরিজে অভিনয় করেননি তিনি। ‘ডাকাতিয়া বাঁশি’তে তাঁর চরিত্রের নাম ক্যামেলিয়া। অভিনেত্রীর ভাষায়, চরিত্রটি বেশ ব্যতিক্রমী এবং এর মধ্যে রয়েছে অন্ধকার কিছু দিক। সিরিজটি ডার্ক কমেডি ঘরানার হওয়ায় এবার প্রথমবারের মতো এ ধরনের অভিনয়ের অভিজ্ঞতা হচ্ছে তাঁর।
অন্যদিকে, সিরিজে এরফান মৃধা শিবলুর চরিত্র নিয়েও তৈরি হয়েছে রহস্য। প্রকাশিত ছবিতে তাঁকে বন্দুক হাতে দেখা গেলেও চরিত্রটি সম্পর্কে এখনই বেশি কিছু জানাতে চাননি তিনি। শিবলুর মতে, গল্পটি মজার হলেও তাঁর চরিত্রের মধ্যে রয়েছে নানা সন্দেহ ও পরিবর্তনশীল দিক। পার্থ শেখও জানিয়েছেন, এই সিরিজে তাঁর চরিত্রের মনস্তাত্ত্বিক কয়েকটি স্তর নতুন অভিনয় অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে।
পরিচালক ইমরাউল রাফাতের জন্যও ‘ডাকাতিয়া বাঁশি’ গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতির পর ওটিটিতে ফিরছেন তিনি। নির্মাতার ভাষ্য, সিরিজের প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখার জন্য গল্পে নানা স্তর ও অপ্রত্যাশিত মোড় রাখা হয়েছে। চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাও জানিয়েছেন, এটি প্রচলিত অর্থে থ্রিলার নয়; বরং দর্শকদের জন্য রয়েছে চমকে দেওয়ার মতো বেশ কিছু মুহূর্ত।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, রহস্য ও থ্রিলারধর্মী কনটেন্টের ভিড়ে দর্শকদের জন্য ভিন্ন স্বাদের ডার্ক কমেডি নিয়ে আসার পরিকল্পনা থেকেই সিরিজটি নির্মাণ করা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। চরকি জানিয়েছে, শিগগিরই সিরিজটি মুক্তি পেতে পারে। তবে প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন