সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার খবর নিশ্চিত করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের বিষয়টি স্বীকার করেন তিনি। একই সঙ্গে বিয়ের পদ্ধতি ও এ নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের পেছনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
লাইভে আসাদ নূর জানান, তাদের বিয়ের বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল। সমাজের প্রচলিত কিছু ট্যাবু এবং মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল নিয়ে প্রশ্ন তুলতেই এমন কৌশল নেওয়া হয়েছিল। এ কারণে পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল। পরে ছবি আড়াল করা ও নীরব থাকার মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেন তারা।
বিয়ের আইনগত প্রক্রিয়া সম্পর্কে আসাদ নূর বলেন, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধানের প্রয়োজন হয়নি। তার ভাষ্য, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহলের পাশাপাশি ধর্মীয় গোঁড়ামি ও উগ্র জাতীয়তাবাদী চিন্তার বিরুদ্ধেও একটি বার্তা দিতে চেয়েছেন তারা।
লাইভে পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ নূর। তিনি জানান, পারশা বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তার পেশাগত জীবন ও যোগ্যতার প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে আসাদ নূরের দাবি, তারা কেউ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও অর্থ বা অনুদান নেননি। জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। আসাদ নূরের ভাষ্য, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ ছিলেন এবং ‘চলো ভুলে যাই’ গানটির সঙ্গেও তার গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা ছিল।
ধর্মীয় আলোচনা প্রসঙ্গে আসাদ নূর জানান, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চান না। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পারশাকে নিয়ে আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন তিনি। নারীর সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বানও জানান এই ব্লগার।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন