বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ৫০৭ কোটি রুপি আয় করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি। এই সাফল্যের মধ্য দিয়ে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর লাইফটাইম আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে সিনেমাটি।
গত ৫ নভেম্বর মুক্তি পায় ‘রামায়ণ’। প্রথম দিনেই বিশ্বব্যাপী ১২৮ কোটি রুপি আয় করে ছবিটি। এরপর দর্শকদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বক্স অফিসে আয়ও বাড়তে থাকে। শনিবারের পর রবিবার দীপাবলির ছুটিতে সিনেমাটির ব্যবসা আরও গতি পায়।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, প্রথম চার দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ২৩৯ কোটি রুপি। দেশীয় বাজারে গ্রস আয় হয়েছে ২৮৫ কোটি রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার।
সব মিলিয়ে চার দিনে ‘রামায়ণ’-এর বিশ্বব্যাপী আয় ৫০৭ কোটি রুপি। এই আয় প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর মোট আয়কে ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ভারতীয় সিনেমার বক্স অফিস আলোচনায় বিশেষ জায়গা করে নিয়েছে।
সিনেমাবোদ্ধাদের মতে, দর্শকদের ইতিবাচক সাড়া এবং দীপাবলির ছুটি ছবিটির আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। ছুটি শেষ হওয়ার পরও সিনেমাটির ব্যবসা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন