মহাকাশে ১৯৯৮ কেওয়াই২৬ নামের একটি ছোট গ্রহাণুর অস্বাভাবিক ত্বরণের কারণ নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এটি একটি ‘অন্ধ ধূমকেতু’। অর্থাৎ, দৃশ্যমান লেজ না থাকলেও এর ভেতর থেকে গ্যাস নির্গমনের কারণে গতি বাড়তে পারে। তবে নতুন গবেষণায় এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশি এ গবেষণা পরিচালনা করেছেন। তাঁদের গবেষণাপত্রটি আইকারাস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকদের তথ্য অনুযায়ী, গ্রহাণুটির ব্যাস প্রায় ১১ মিটার এবং এটি নিজ অক্ষে প্রতি ৫ দশমিক ৩৫ মিনিটে একবার ঘোরে। সূর্যকে প্রদক্ষিণের সময় কক্ষপথের সমতলের বাইরের দিকে এর অস্বাভাবিক ত্বরণ শনাক্ত করা হয়েছে।

গবেষকদের তৈরি তাপমাত্রা মডেলে দেখা গেছে, গ্রহাণুটির সবচেয়ে শীতল অংশের গড় তাপমাত্রাও মাইনাস ৬১ ডিগ্রি সেলসিয়াস। অথচ দীর্ঘ সময় পানির বরফ টিকে থাকার জন্য তাপমাত্রা মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা প্রয়োজন। ফলে গ্রহাণুটির ভেতরে বরফ দীর্ঘদিন ধরে থাকার সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

হিসাব অনুযায়ী, গ্রহাণুটির মোট ভরের ১ শতাংশ পানির বরফ হলেও তা দুই হাজার বছরের কিছু বেশি সময়ের মধ্যে উবে যাওয়ার কথা। অন্যদিকে, বরফ থেকে নির্গত গ্যাসই যদি এর অস্বাভাবিক ত্বরণের কারণ হয়, তাহলে সেই বরফ মাত্র ৬২ বছর টিকে থাকার কথা। তবে গ্রহাণুটি কত দিন ধরে বর্তমান কক্ষপথে রয়েছে, তা নিশ্চিত না হওয়ায় গবেষকেরা বরফ থাকার সম্ভাবনা পুরোপুরি বাতিল করছেন না।

এদিকে অস্বাভাবিক ত্বরণের বিকল্প ব্যাখ্যা হিসেবে সূর্যের বিকিরণচাপ বিবেচনা করছেন বিজ্ঞানীরা। তাঁদের ধারণা, সূর্যের আলো থেকে সৃষ্ট চাপ গ্রহাণুটির গতিপথে পরিবর্তন আনতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।

গ্রহাণুটির রহস্য উন্মোচনে ২০৩১ সালের জুলাইয়ে এর কাছে পৌঁছানোর কথা রয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার হায়াবুসা-২ মহাকাশযানের। এই অভিযানের মাধ্যমে ১৯৯৮ কেওয়াই২৬-এর গঠন, বৈশিষ্ট্য এবং অস্বাভাবিক ত্বরণের প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।