মাছ ধরতে গিয়ে সমুদ্রের বুকে এক ব্যক্তিকে অসহায়ভাবে ভাসতে দেখে থমকে যান দুই জেলে। কাছে গিয়ে বুঝতে পারেন, মানুষটি বিপদে পড়েছেন। দ্রুত উদ্যোগ নিয়ে তাকে উদ্ধার করেন তারা। পরে জানা যায়, ওই ব্যক্তি একটি প্রমোদতরির পিয়ানোবাদক, যিনি প্রায় ৯ ঘণ্টা প্রশান্ত মহাসাগরের পানিতে ভেসে ছিলেন।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে ক্যাটালিনা দ্বীপের আশপাশে এ ঘটনা ঘটে। উপকূল থেকে প্রায় ২০ মাইল বা ৩২ কিলোমিটার দূরে তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি রয়্যাল ক্যারিবিয়ান প্রতিষ্ঠানের একটি ক্রুজ জাহাজের কর্মী। ধারণা করা হচ্ছে, উদ্ধারের প্রায় ৯ ঘণ্টা আগে কোনোভাবে জাহাজ থেকে পানিতে পড়ে যান তিনি।

উদ্ধারকারী দুই জেলে গ্র্যান্ট গ্যারেট ও শন নর্টন জানান, সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ পানির মধ্যে একজনকে হাত-পা ছুড়তে দেখেন তারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে নৌকার গতি কমিয়ে মাছ ধরার সরঞ্জাম সরিয়ে ফেলেন। এরপর দ্রুত ওই ব্যক্তিকে নৌকায় তুলে আনেন।

পরে উদ্ধার হওয়া ব্যক্তি জানান, তিনি ১৪ ডেকবিশিষ্ট ‘ওভেশন অব দ্য সিজ’ নামের ক্রুজ জাহাজের পিয়ানোবাদক। জাহাজটির সঙ্গে তার কর্মসম্পর্কের বিষয়টি পরে নিউপোর্ট বিচের লাইফগার্ড কর্মকর্তারাও নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে একজন মানুষ বিপদে পড়েছেন- এমন খবর পাওয়ার পর তারা বিষয়টি জানতে পারে। তবে তাদের উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই জেলেরা ওই ব্যক্তিকে উদ্ধার করেছিলেন। পরে তাকে নিউপোর্ট বিচের লাইফগার্ডদের কাছে হস্তান্তর করা হয়।