দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ঘোরাঘুরি ও রাতযাপনের সুযোগ পাবেন। তবে পরিবেশগত কারণে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার অনুমতি পাবেন।
এক রাতের সম্ভাব্য খরচ
চলতি মৌসুমে ঢাকা থেকে সেন্ট মার্টিনে গিয়ে এক রাত থেকে ঘুরে আসতে জনপ্রতি সর্বনিম্ন ৯ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হতে পারে। এর মধ্যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত নন-এসি বাসে যাওয়া-আসার ভাড়া ২ হাজার ৪০০ টাকা, কক্সবাজার থেকে জাহাজে সেন্ট মার্টিন যাওয়া-আসার টিকিট ৩ হাজার ৬০০ টাকা, ইকোনমি মানের হোটেল বা রিসোর্টে এক রাত থাকার খরচ ১ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে।
এ ছাড়া ছয় বেলা খাবারে ১ হাজার ২০০ টাকা, পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা এবং স্থানীয় যাতায়াতে ৫০০ টাকা সম্ভাব্য খরচ ধরা হয়েছে। সব মিলিয়ে সর্বনিম্ন জাহাজভাড়া ধরলে এই খরচ পড়বে ৯ হাজার ৩০০ টাকা। তবে ব্যক্তিগত কেনাকাটা ও অন্যান্য খরচ এর বাইরে। পর্যটকদের হোটেল, খাবার ও যাতায়াতের ধরন অনুযায়ী এই খরচ আরও বাড়তে পারে।
ভ্রমণের আগে জেনে নিন ৯টি তথ্য:
১. আগেই জাহাজের টিকিট কাটুন:
ভ্রমণের তারিখ ঠিক হলে প্রথমেই জাহাজের টিকিট কেটে নিন। এতে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার ঝুঁকি কমবে।
২. কোন কোন জাহাজ চলবে: চলতি মৌসুমে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এবং এমভি টেকনাফ চলাচল শুরু করেছে। আরও কয়েকটি জাহাজ অনুমতির অপেক্ষায় আছে।
৩. যেভাবে টিকিট কাটবেন: অনুমতি পাওয়া জাহাজগুলোর ওয়েবসাইট, গ্রাহকসেবা নম্বর বা ট্রাভেল এজেন্টদের কাছ থেকে টিকিট কাটা যাবে। তারিখ নিশ্চিত থাকলে যাওয়া-আসার টিকিট একসঙ্গে কেটে রাখা সুবিধাজনক।
৪. জাহাজভাড়া কত: সাধারণ সিট, বিজনেস চেয়ার, মোজারাট চেয়ার, বেড ও কেবিনসহ বিভিন্ন শ্রেণির আসন রয়েছে। আসন অনুযায়ী টিকিটের দাম ৩ হাজার ৬০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

৫. পরিবেশ সংরক্ষণ ফি ও ট্রাভেল পাস: প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে এবং ট্রাভেল পাস নিতে হবে। টিকিট বুকিংয়ের পর জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানই নিবন্ধনের কাজ সম্পন্ন করবে।
৬. রিসোর্ট বুকিং করুন: দ্বীপে পৌঁছে আবাসন খুঁজতে গেলে সময় নষ্ট হতে পারে। তাই দ্বীপে থাকা ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ থেকে আগেই বুকিং করে রাখা ভালো।
৭. রিসোর্টের ভাড়া কত: প্রিমিয়াম রিসোর্টে এক রাতের ভাড়া ৮ থেকে ১২ হাজার টাকা, স্ট্যান্ডার্ড রিসোর্টে সাড়ে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা এবং ইকোনমি রিসোর্টে ভাড়া ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে ছুটির দিনে বা পর্যটনের ব্যস্ত সময়ে এই ভাড়া বাড়তে পারে।

৮. জাহাজ ছাড়ার সময়: দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে কক্সবাজার পৌঁছাতে হবে। সেখানকার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সকালে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যায় এবং বিকেলে ফিরে আসে।
৯. যা মনে রাখবেন: ভ্রমণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখবেন। দ্বীপের পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক এড়িয়ে চলা, রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ করা, বারবিকিউ পার্টি এবং মোটরসাইকেল বা সি-বাইক চালানো থেকে বিরত থাকতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন