শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এবার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী। সোমবার (৯ নভেম্বর) পাঠানো আইনজীবীদের একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে চিঠিটি পাঠানো হয়েছে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ কারণে তার নামে নতুন করে দুটি পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, সেটিও বিবেচনায় নেওয়ার অনুরোধ করেছেন তার আইনজীবীরা।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরাও বলেছেন, দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তারিখ ঘোষণা করা হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আগামী ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ওই আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে একাধিকবার যোগাযোগ করেছে ঢাকা। ফলে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন ঘিরে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, তা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন