ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তাঁর এই সফরে গুরুত্ব পাবে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, নারী ও শিশুর সুরক্ষা, শান্তিরক্ষা কার্যক্রম এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা। ঢাকার পাশাপাশি কক্সবাজারেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের শুরুতে ঢাকায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সেখানে নারী ও মেয়েশিশুদের কল্যাণ, নিরাপত্তা এবং ক্ষমতায়নসহ বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান সম্পর্কে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন তিনি। সেখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা এবং শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরার কথা রয়েছে।
তরুণ প্রজন্মের সঙ্গে সময় কাটানোর কর্মসূচিও রয়েছে ডাচেসের সফরসূচিতে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গিয়ে তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন তিনি। এ সময় নারী হকি খেলোয়াড়দের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েশিশুদের জন্য নতুন সুযোগ তৈরি এবং নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে এই আয়োজনে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন ডাচেস অব এডিনবরা। সেখানে তরুণদের সঙ্গে উদ্যাপনে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, মেয়েশিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিয়ে কাজ করা সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে এই সফরে আসছেন ডাচেস। এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন