শীতের মৌসুম মানেই ভ্রমণপ্রেমীদের নতুন পরিকল্পনা। শহরের ব্যস্ততা ছেড়ে কয়েক দিনের জন্য প্রকৃতি, সমুদ্র কিংবা পাহাড়ঘেরা পরিবেশে সময় কাটাতে চান অনেকেই। সেই সুযোগ তৈরি হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে এক দিন অতিরিক্ত ছুটি নিতে পারলে পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। এই সময় পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন দেশের বেশ কয়েকটি আকর্ষণীয় গন্তব্য থেকে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ ছুটি। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। কেউ যদি ওই দিন এক দিনের ছুটি নিতে পারেন, তাহলে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন সময় পাবেন। বছরের শেষ দিকে এমন সুযোগ কাজে লাগিয়ে স্বল্প সময়ের ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে।

কুয়াকাটা সমুদ্রসৈকত, পটুয়াখালী

একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ থাকায় কুয়াকাটা দেশের পর্যটন মানচিত্রে আলাদা পরিচিতি পেয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী এলাকায় অবস্থিত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতে শীতের সময় ভ্রমণের পরিবেশ বেশ উপভোগ্য থাকে। নিরিবিলি বালুকাবেলা, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং আশপাশের প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে।

ঢাকা থেকে সরাসরি বাসে পদ্মা সেতু হয়ে কুয়াকাটা যাওয়া যায়। পাশাপাশি বাস ও নৌপথ মিলিয়েও ভ্রমণের সুযোগ রয়েছে। সমুদ্রসৈকতে সময় কাটানোর পাশাপাশি কাছাকাছি দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনাও করতে পারেন।

ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
জীববৈচিত্র্যে সমৃদ্ধ প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ছবি: সংগৃহীত

সুন্দরবন, খুলনা ও বাগেরহাট

বন্যপ্রাণী, নদী আর ঘন ম্যানগ্রোভ বনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সুন্দরবন হতে পারে চমৎকার গন্তব্য। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটি রয়েল বেঙ্গল টাইগারসহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল। সুন্দরী গাছের আধিক্য থেকেই বনটির নাম হয়েছে সুন্দরবন।

সুন্দরবনের ভ্রমণে সাধারণত খুলনা বা মোংলা থেকে নৌযান ব্যবহার করতে হয়। বনের নির্ধারিত এলাকায় প্রবেশের জন্য বন বিভাগের অনুমতি, নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে হয়। তাই এখানে যাওয়ার আগে অনুমোদিত ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণসূচি ঠিক করা ভালো।

ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
জীববৈচিত্র্যে সমৃদ্ধ প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ছবি: সংগৃহীত

লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার

সবুজ বন, পাখির ডাক আর বন্যপ্রাণীর উপস্থিতিতে সময় কাটাতে চাইলে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে আসতে পারেন। মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় বিস্তৃত এই বনাঞ্চল জীববৈচিত্র্যের জন্য পরিচিত। এখানে রয়েছে নানা প্রজাতির গাছপালা, পাখি, স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপ। বিশেষ আকর্ষণ হলো বিপন্ন উল্লুক।

বনের ভেতরে রয়েছে একাধিক হাঁটার পথ বা ট্রেইল। এসব পথে হাঁটতে হাঁটতে কাছ থেকে উপভোগ করা যায় প্রকৃতির সৌন্দর্য। ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে শ্রীমঙ্গল পৌঁছে সেখান থেকে স্থানীয় যানবাহনে লাউয়াছড়া যাওয়া যায়।

ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
জীববৈচিত্র্যে সমৃদ্ধ লাউয়াছড়া প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ছবি: সংগৃহীত

কুতুবদিয়া দ্বীপ, কক্সবাজার

সমুদ্রের নির্জন পরিবেশ আর ইতিহাসের স্মৃতি দেখতে চাইলে কুতুবদিয়া দ্বীপ হতে পারে ভিন্নধর্মী অভিজ্ঞতা। কক্সবাজার জেলার এই দ্বীপটি পুরোনো বাতিঘরের ধ্বংসাবশেষ, বিস্তৃত সৈকত ও লবণ চাষের জন্য পরিচিত। এখানে রয়েছে কুতুব আউলিয়ার মাজার এবং দেশের বায়ুবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোর একটি।

কুতুবদিয়া যেতে হলে ঢাকা থেকে প্রথমে কক্সবাজার বা চকরিয়া পৌঁছাতে হবে। এরপর স্থানীয় যানবাহনে মগনামা ঘাট গিয়ে ইঞ্জিনচালিত নৌকায় দ্বীপে যাওয়া যায়। যাত্রার আগে নৌযানের সময়সূচি ও আবহাওয়ার অবস্থা জেনে নেওয়া জরুরি।

ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
জীববৈচিত্র্যে সমৃদ্ধ প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ছবি: সংগৃহীত

মনপুরা দ্বীপ, ভোলা

নদীঘেরা নিরিবিলি পরিবেশে কয়েক দিন কাটাতে চাইলে ভোলার মনপুরা দ্বীপ ঘুরে দেখতে পারেন। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য, সারি সারি নারিকেলগাছ এবং বিস্তীর্ণ সবুজ এলাকা দ্বীপটির প্রধান আকর্ষণ। স্থানীয় মাছের ঘের ও নদীর পাড়েও সময় কাটাতে পারেন পর্যটকেরা। সাইক্লিং কিংবা খোলা পরিবেশে ক্যাম্পিংয়ের জন্যও জায়গাটি আকর্ষণীয়।

ঢাকার সদরঘাট থেকে লঞ্চে ভোলা হয়ে মনপুরায় যাওয়া যায়। বিকল্প হিসেবে সড়কপথে ভোলার তজুমদ্দিন পৌঁছে নৌযানে দ্বীপে যাওয়ার সুযোগ রয়েছে। তবে নৌযানের সময়সূচি ও আবহাওয়ার ওপর যাত্রা নির্ভর করায় আগে থেকেই পরিকল্পনা করা প্রয়োজন।

ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
জীববৈচিত্র্যে সমৃদ্ধ প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ছবি: সংগৃহীত

নিঝুম দ্বীপ, নোয়াখালী

শীতকালে অতিথি পাখি ও চিত্রা হরিণের দেখা পেতে চাইলে নিঝুম দ্বীপ হতে পারে আকর্ষণীয় গন্তব্য। নোয়াখালীর হাতিয়া উপজেলার এই দ্বীপের চারপাশে বঙ্গোপসাগরের জলরাশি। বিস্তীর্ণ চর, ম্যানগ্রোভ বন, পাখির আনাগোনা এবং হরিণের বিচরণ দ্বীপটিকে বিশেষ পরিচিতি দিয়েছে। নামার বাজার সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যও উপভোগ করা যায়।

নিঝুম দ্বীপে যেতে হলে প্রথমে হাতিয়া পৌঁছাতে হয়। ঢাকা থেকে লঞ্চে হাতিয়া যাওয়া যায়। এরপর স্থানীয় ঘাট থেকে ট্রলার বা উপযোগী নৌযানে দ্বীপে পৌঁছানোর ব্যবস্থা করতে হয়। অন্যদিকে সড়কপথে চেয়ারম্যান ঘাট হয়ে নৌযানে হাতিয়া যাওয়ার সুযোগ রয়েছে। যাত্রার আগে নৌপথ ও স্থানীয় পরিবহন সম্পর্কে খোঁজ নেওয়া ভালো।

ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
জীববৈচিত্র্যে সমৃদ্ধ লাউয়াছড়া প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ছবি: সংগৃহীত

মালনীছড়া চা-বাগান, সিলেট

চায়ের সবুজ বাগানের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সিলেটের মালনীছড়া চা-বাগান ঘুরে আসতে পারেন। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই চা-বাগান উপমহাদেশের প্রাচীন চা-বাগানগুলোর একটি হিসেবে পরিচিত। বিস্তীর্ণ চা-গাছের সারি, সবুজ টিলা ও শান্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে।

ডিসেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ, ঘুরতে পারেন যেসব জায়গায়
জীববৈচিত্র্যে সমৃদ্ধ প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা বিমানে সিলেট পৌঁছানো যায়। সেখান থেকে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় সহজেই মালনীছড়া চা-বাগানে যাওয়া সম্ভব। তবে বাগানটি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় ভেতরে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া উচিত।