শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে এখনো নিশ্চিত নয় সরকার। আবেদনটি আদৌ করা হয়েছে কি না, সেটি সঠিক প্রক্রিয়ায় জমা পড়েছে কি না এবং আইনগতভাবে তিনি আবেদন করার অধিকার রাখেন কি না- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্ক্রল নিউজে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবর তিনি দেখেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সত্যতা নিশ্চিত হতে পারেননি। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় অনুসন্ধান করছে।
আবেদনের প্রক্রিয়া এবং আইনি বৈধতা যাচাইয়ের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। শেখ হাসিনা আবেদন করার অধিকার রাখেন কি না, আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে জমা দেওয়া হয়েছে কি না- এসব প্রশ্নের উত্তর খুঁজছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে সরকারের অবস্থান হলো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাকে আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ সরকার এখনো ওই আবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে হামলার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পতিত শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এসব ঘটনায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে বলেও জানান তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন