সোমবার বিকেলে আবারও সংসদ অধিবেশনে বসছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা। আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সংসদের চতুর্থ অধিবেশন। মূলত সংবিধানের নির্ধারিত সময়সীমা মেনেই এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

অধিবেশনের প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে সরকারের মন্ত্রীদের পাশাপাশি বিরোধী দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। অংশ নেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং গয়েশ্বর চন্দ্র রায়।

এ ছাড়া বৈঠকে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশন শুরু করতে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যায় না। সেই সাংবিধানিক সময়সীমা রক্ষার অংশ হিসেবেই সোমবারের অধিবেশন আহ্বান করা হয়েছে। অধিবেশনে সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।