ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের অনলাইন নিবন্ধন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সমাবর্তনে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। নিবন্ধন শুরু হবে ১০ নভেম্বর, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে পোর্টাল উদ্বোধন করা হয়। নিবন্ধন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান জানান, সমাবর্তনে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে শুধু অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে নিবন্ধনের সুযোগ নেই।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মাস্টার্স এবং ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত অনার্স ডিগ্রিধারীরা নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মাস্টার্স (সান্ধ্যকালীন) ডিগ্রিধারী এবং ২৩৭তম থেকে ২৭৫তম সিন্ডিকেট পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ইবির ৫ম সমাবর্তনে সাধারণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। মাস্টার্স (সান্ধ্যকালীন) ডিগ্রিধারীদের জন্য ফি ৫ হাজার ৫০০ টাকা। পাশাপাশি স্নাতক সনদ ফি ৫০০ টাকা, মাস্টার্স সনদ ফি ৭০০ টাকা, সান্ধ্যকালীন মাস্টার্স সনদ ফি ১ হাজার টাকা, এমফিল সনদ ফি ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডি সনদ ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একাধিক ডিগ্রির ক্ষেত্রে প্রতিটি সনদের জন্য আলাদা ফি দিতে হবে।
প্রত্যেক গ্র্যাজুয়েট সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে নিতে পারবেন। অতিথি হিসেবে বাবা-মা, স্বামী-স্ত্রী অথবা সন্তানকে অন্তর্ভুক্ত করা যাবে। পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ও পেমেন্ট সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য যাচাই করবেন। আবেদন অনুমোদিত হলে পোর্টাল থেকে সমাবর্তন কার্ড ডাউনলোড করা যাবে। এতে গ্র্যাজুয়েটের পরিচিতি, ছবি, গাউনের মাপ, ডিগ্রির বিবরণ ও কিউআর কোড থাকবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন