খুলনায় মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মো. মশিউর রহমান (৫৯) নামে এক সরকারি কর্মকর্তা। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মশিউর রহমান জানান, অফিসের কাজ শেষে রূপসা থেকে মিয়াপাড়ার বাসায় ফেরেন তিনি। পরে মেয়ের আবদার পূরণ করতে খাবার কেনার জন্য বাইরে বের হন। মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাওয়ার পথে বড় মসজিদের সামনে হাসানের চায়ের দোকানের কাছে পৌঁছালে হঠাৎ একটি গুলি এসে তার বাম পাঁজরের নিচে লাগে। গুলিটি শরীরের চামড়া ভেদ করে বেরিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিজের ওপর হামলার কারণ সম্পর্কে নিশ্চিত নন মশিউর রহমান। তার ধারণা, গুলিটি হয়তো অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যা ভুলবশত তার শরীরে লাগে।
তিনি বলেন, সরকারি চাকরি করার কারণে তাকে লক্ষ্য করে হামলার কোনো কারণ দেখছেন না। তবে ঘটনার পর নগরীতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। নির্বিঘ্নে চলাচলের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই কর্মকর্তা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, শিক্ষা অফিসের ওই কর্মকর্তাকে কারা এবং কী উদ্দেশ্যে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় নগর ও জেলাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মহানগরীতে ৩৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে জেলার নয়টি থানা এলাকায় আরও ৩৯টি হত্যাকাণ্ড ঘটেছে। সব মিলিয়ে জেলায় হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭টিতে।
পুলিশের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৭১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় ৬৯টি হত্যা মামলা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে আরও ছয়টি হত্যার ঘটনা ঘটেছে। অস্ত্র উদ্ধার ও তল্লাশি অভিযান চললেও এসব অপরাধ নিয়ন্ত্রণে রাখা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন