নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁর পত্নীতলায় পুলিশের দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-পত্নীতলা উপজেলার নেপালপুর গ্রামের মো. দেলোয়ার (৪১) এবং একই উপজেলার বাদ জামগ্রাম গ্রামের মো. সাইদুল ইসলাম (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. দেলোয়ারের নিজ বসতবাড়িতে প্রথম অভিযানটি পরিচালনা করা হয়। সেখান থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে পৃথক আরেকটি অভিযানে মো. সাইদুল ইসলামের বসতবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে আরও ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।