চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে থাকতেন মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতি। কিন্তু হামে দুই ভাই আক্রান্ত হওয়ার পর পরিবারটির জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ১০ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত মারা গেছে। আর ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে জ্বরে আক্রান্ত হয় আরাফাত। পরে বমি, সর্দি ও শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, সে হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে এক সপ্তাহ আগে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত গত শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত। ওই দিন রাতেই মোমেনবাগ আবাসিক এলাকাসংলগ্ন একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। বড় ছেলেকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলে আবু বক্করের অবস্থার অবনতি হতে শুরু করে।
পরিবারের ভাষ্য, আবু বক্করেরও তীব্র জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সেও হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত। বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে শিশুটি। জন্মের পর থেকেই কম ওজনসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিল সে।
দুই ছেলের এমন পরিস্থিতিতে দিশেহারা বাবা-মা। বাবা মোহাম্মদ কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মাসে তাঁর আয় মাত্র ২০ হাজার টাকা। এই সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি দুই সন্তানের চিকিৎসার ব্যয় সামলানো তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। একদিকে বড় ছেলেকে হারানোর শোক, অন্যদিকে ছোট ছেলের জীবন নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন