রাজধানীর বিভিন্ন স্থানের পর এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা থানার প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। এতে পুলিশের এক সদস্য সামান্য আহত হয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানার প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে বিস্ফোরিত ককটেলের অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
এর আগে, একই রাতে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন