চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা হেডকোয়ার্টার (নয়াহাট) - বৈলতলী - খোদারহাট জিসি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে এই কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। দৈর্ঘ্য ৫ হাজার ৮৫০ মিটার এই সড়কের জন্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৯ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চন্দনাইশ এর বাস্তবায়নে এই উন্নয়ন কাজ সম্পন্ন হবে।

২০২৮ সালের এপ্রিল মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মমিন, ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুস এন্ড ব্রাদার্স এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. এমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ. ক. ম. মোজাম্মেল হক, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদে ভিপি আবদুর রউফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল কবির কমিশনার, আযম খান, শহিদুল ইসলাম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোঃ মহিউদ্দিন প্রমুখ। এছাড়া চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, উপজেলা সদরের সাথে বৈলতলী ও খোদারহাটসহ আশপাশের এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। ৫৮৫০ মিটার সড়কটি প্রশস্ত ও শক্তিশালী হলে এলাকাবাসীর যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে ব্যাপক সুবিধা হবে। তিনি সড়কের কাজে কোনো অনিয়ম না করে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করতে ঠিকাদার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ঠিকাদারের পক্ষ থেকে এমপি মহোদয়সহ উপস্থিত সকলকে নাস্তা দেওয়া হয়। এ সময় এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, নাস্তার টাকা এখানে খরচ না করে রাস্তার কাজে খরচ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নাস্তা টাকা আমার পক্ষ থেকে দেওয়া হবে বলে জানান তিনি। রাস্তার কাজ ভালো হলে এলাকাবাসীই উপকৃত হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন