এইচএসসির ফল তুলনামূলক খারাপ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএ শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে আগের বছরের তুলনায় কম জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বিষয়টি জানিয়েছেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক বিভাগ থেকে এইচএসসি বা সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি- উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে অন্তত ৬.৫০। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএর শর্ত ছিল ৭.০০।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কমানো হয়েছে আবেদনের যোগ্যতা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ প্রয়োজন হবে ৭.০০। আগের শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হতো। অর্থাৎ দুই বিভাগের শিক্ষার্থীদের জন্যই মোট জিপিএর শর্ত ০.৫০ পয়েন্ট কমানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

তবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ‘বি’ ইউনিটের ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হবে কি না, তা পরবর্তী সভায় আলোচনা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন। তাঁর ভাষ্য, এ বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হয়েছে। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিবেচনায় মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ভর্তি উপকমিটির আগের সিদ্ধান্ত বহাল রেখেছে ভর্তি পরীক্ষা কমিটি। সে অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষা বাণিজ্য ইউনিটের মাধ্যমে শুরু হবে।

ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১২ নভেম্বর। আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্ত। তবে বাণিজ্য বিভাগের জিপিএ শর্তসহ ভর্তি কার্যক্রমের আরও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভর্তি কমিটির পরবর্তী সভাগুলোতে আলোচনা হবে। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা ও অন্যান্য শর্ত নিশ্চিত হওয়ার পরামর্শ রইল।