পাকা পেঁপে শুধু খেতেই সুস্বাদু নয়, এটি শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ওজন কমাতেও দারুণ কার্যকর। এটি চোখের জন্যও খুব উপকারী। পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা ত্বককে ভালো রাখে। তবে বাজার থেকে সঠিক ও মিষ্টি পাকা পেঁপে কিনে আনা বেশ চ্যালেঞ্জিং। অনেকেই বাইরে থেকে সুন্দর পেঁপে দেখে কিনে ঠকে যান।
মিষ্টি ও গাছপাকা পেঁপে চেনার সহজ কয়েকটি উপায় নিচে দেওয়া হলো:
১. পেঁপের গায়ের রং খেয়াল করুন
পেঁপের গায়ে হালকা খাঁজকাটা দাগ থাকে। পরপর দুটি খাঁজকাটা দাগের মাঝের উঁচু অংশটাই শির, যেখান থেকে মূলত পেঁপের পাকা ভাব শুরু হয়। যে পেঁপের গায়ে এমন গাঢ় হলুদ বা খানিকটা হলদে–কমলা রং ছড়িয়ে রয়েছে, সেটি কিনুন। যদি পেঁপের গায়ে হালকা সবুজাভ ভাব থাকে, তবে বুঝতে হবে এটি দু–এক দিনের মধ্যেই পেকে যাবে। তবে পেঁপের গায়ে যদি সমানভাবে একই রং ছড়িয়ে থাকে, তাহলে তা কৃত্রিমভাবে পাকানো হতে পারে, এমন পেঁপে কেনা থেকে বিরত থাকুন।
২. আঙুল দিয়ে স্পর্শ করুন
পেঁপে কেনার সময় বুড়ো আঙুল দিয়ে আলতো চাপ দিয়ে দেখুন। যদি পেঁপে বেশি শক্ত লাগে, তবে সেটি কাঁচা বা গাছে পুরোপুরি না পাকতেই তোলা হয়েছে। আবার যদি অতিরিক্ত নরম লাগে বা আঙুল ভেতরে দেবে যায়, তবে সেটি বেশি পেকে যাওয়া পেঁপে, যা কিনলে একদিনেই পচে যাওয়ার ভয় থাকে। সবসময় হালকা নরম পাকা পেঁপে কিনুন, যা আঙুলের চাপে সামান্য বসে আবার আগের জায়গায় ফিরে আসবে।
৩. বোঁটার অংশটি দেখুন
বোঁটার চারপাশ যদি কিছুটা খাঁজকাটা ও লালচে–হলুদ রঙের হয়, তবে ধরে নেওয়া যায় সেই পেঁপেটি মিষ্টি। গাছপাকা পেঁপের গায়ে খুব বেশি সাদা কষ দেখা যায় না। বোঁটার অংশে বেশি সাদা কষ জমে থাকলে তা না কেনাই ভালো। যদি পেঁপের শরীরজুড়ে অতিরিক্ত সাদা আঠা জমে থাকে, তবে বুঝবেন সেটি নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে পেড়ে কৃত্রিমভাবে পাকানো হয়েছে।
৪. পেঁপের গন্ধ শুঁকে দেখুন
পাকা পেঁপের একটি মিষ্টি ও হালকা সুন্দর গন্ধ থাকে। পেঁপে কেনার সময় বোঁটার কাছে একটু শুঁকে দেখুন। যদি হালকা মিষ্টি ঘ্রাণ পান, তবে বুঝবেন পেঁপেটি ভালোভাবে পেকেছে। যদি কোনো গন্ধ না থাকে বা অতিরিক্ত ঝাঁজালো বা পচা গন্ধ নাকে আসে, তবে সেই পেঁপে কেনা থেকে বিরত থাকুন।
৫. কেমন আকারের পেঁপে কিনবেন?
সবসময় তুলনামূলক লম্বা ও মাঝারি আকারের পেঁপে বেছে নিন। পেঁপের গায়ে খুব বেশি কালচে দাগ বা ছোট ছোট ছিদ্র থাকলে কিনবেন না। এ ধরনের পেঁপে পচা হতে পারে বা ভেতরে পোকা থাকার সম্ভাবনা থাকে। তাই মসৃণ ও লম্বা আকারের পেঁপেই আদর্শ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন