রান্নার স্বাদ বাড়াতে লবণের বিকল্প নেই। তবে খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের আয়োডিনের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লবণ। বাজারে এখন সাদা লবণের পাশাপাশি গোলাপি, বিট লবণ, সি সল্টসহ বিভিন্ন ধরনের লবণ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব লবণের গুণ নিয়ে নানা প্রচার রয়েছে। কিন্তু প্রতিদিনের রান্নায় কোন লবণ ব্যবহার করা সবচেয়ে ভালো, তা নিয়ে ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন চিকিৎসক অর্জুন শঙ্করণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লবণের বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে কথা বলেছেন।
সাদা লবণ
সাদা লবণ নিয়ে অনেকের ধারণা এটি বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় সাদা করা হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, বিশুদ্ধ লবণ প্রাকৃতিকভাবেই সাদা। ভারতের অধিকাংশ উৎপাদিত লবণ সমুদ্রের পানি থেকে সংগ্রহ করে শুকানো, পরিশোধন ও আয়োডিনযুক্ত করা হয়। তিনি আরও বলেন, প্রতিদিনের রান্নায় আয়োডিনযুক্ত সাদা লবণ ব্যবহার করা যেতে পারে।
গোলাপি, বিট ও সেন্ধা লবণ
গোলাপি লবণ, সেন্ধা লবণ ও বিট লবণ মূলত খনিজ শিলা থেকে পাওয়া যায়। গোলাপি লবণে কিছু অতিরিক্ত খনিজ উপাদান থাকলেও সেগুলোর পরিমাণ শরীরে উল্লেখযোগ্য উপকার বয়ে আনার মতো নয়। একইভাবে বিট লবণ ও সেন্ধা লবণেও আয়োডিনের পরিমাণ খুব কম। স্বাদের ভিন্নতার জন্য এগুলো মাঝেমধ্যে ব্যবহার করা যেতে পারে। তবে প্রতিদিনের রান্নায় এগুলো ব্যবহার করা উপযুক্ত নয়।
সামুদ্রিক লবণ ও কম সোডিয়ামযুক্ত লবণ
সামুদ্রিক লবণ সমুদ্রের পানি থেকে তৈরি হয়। তবে সামুদ্রিক লবণে আয়োডিন থাকে না। প্যাকেটের গায়ে আয়োডিনযুক্ত বা আয়োডাইজড লেখা থাকলে তা ব্যবহার করা যেতে পারে। আয়োডিনযুক্ত সামুদ্রিক লবণ প্রতিদিনের রান্নায় ব্যবহার করা হয়। অন্যদিকে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরকে সাধারণত চিকিৎসকেরা কম সোডিয়ামযুক্ত লবণ খাওয়ার পরামর্শ দেন। এ ধরনের লবণে সাধারণ সোডিয়াম ক্লোরাইডের কিছু অংশের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ফলে খাবারের স্বাদ ঠিক রেখেও কম সোডিয়াম গ্রহণ করা সম্ভব হয়।
প্রতিদিন কতটুকু লবণ খাবেন?
চিকিৎসক অর্জুন শঙ্করণের মতে, লবণের রঙের চেয়ে এতে আয়োডিন আছে কি না সেটিই বেশি গুরুত্বপূর্ণ। থাইরয়েডের স্বাভাবিক কার্যক্রমের জন্য আয়োডিন প্রয়োজন। শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রতিদিনের রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া আচার, পাপড়, চাটনি সবকিছু মিলিয়ে এক টেবিল চামচ লবণের বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন