কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও খাওয়ার পর বেশিরভাগ মানুষই এর খোসা ফেলে দেন। তবে অনেকেই হয়তো জানেন না এই ফেলে দেওয়া খোসা দিয়ে বাড়িতেই খুব অল্প উপকরণে প্রাকৃতিক সুগন্ধযুক্ত সাবান বানিয়ে নেওয়া যেতে পারে। সবচেয়ে মজার বিষয় হল এই সাবান প্রস্তুত করতে খুব বেশি টাকাও খরচ হয় না। শুধুমাত্র তিন থেকে চারটি সহজলভ্য উপকরণ ব্যবহার করে খুব সহজেই বাড়িতে এই উপকারী সাবানটি তৈরি করা সম্ভব।
কমলালেবুর খোসা দিয়ে সাবান তৈরি করতে প্রথমেই প্রয়োজন হবে কমলালেবুর টাটকা খোসা এবং পরিমাণমতো সাবান বেস। এর পাশাপাশি সামান্য পানি এবং সাবান ঠান্ডা করে জমানোর জন্য সিলিকন ছাঁচ লাগবে। কারও কাছে যদি সিলিকন ছাঁচ না থাকে তাহলে বিকল্প হিসেবে কাগজের কাপও ব্যবহার করা যেতে পারে।
সাবান তৈরির শুরুতে পরিষ্কার পানি দিয়ে কমলালেবুর খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পরিষ্কার খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি মিক্সিং জারে নিতে হবে। জারের মধ্যে সামান্য পানি মিশিয়ে খোসাগুলোর একটি মিহি পেস্ট বানিয়ে নেওয়া প্রয়োজন। পেস্ট তৈরি হয়ে গেলে একটি চালুনি কিংবা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে খোসার কোনও বড় টুকরো থাকলে তা সহজেই আলাদা হয়ে যায়।
মিশ্রণ তৈরির পর সাবান বেসটি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার চুলায় একটি প্যানের মধ্যে পানি দিয়ে তার ওপর একটি বাটি বসিয়ে রাখতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে বাটিটি হালকা ডুবে থাকলেও প্যানের ফুটন্ত পানি যেন কোনোভাবেই বাটির ভেতরে প্রবেশ না করে। চুলার আঁচ মাঝারি রেখে বাটির মধ্যে সাবান বেসের টুকরোগুলো দিয়ে দিতে হবে। রান্নার পরিভাষায় এই পদ্ধতিটিকে মূলত ‘ডাবল বয়লার’ পদ্ধতি বলা হয়।
এই পদ্ধতিতে সাবান বেসগুলো বাটির মধ্যেই আস্তে আস্তে সম্পূর্ণ গলে যায়। বেসটি পুরোপুরি গলে তরল হয়ে গেলে এরমধ্যে আগে থেকে তৈরি করা কমলালেবুর খোসার মিশ্রণটি যোগ করতে হবে এবং চামচ দিয়ে ভালভাবে নাড়তে থাকতে হবে। এই সুগন্ধি মিশ্রণটি প্রায় ১২ থেকে ১৩ মিনিটের জন্য একেবারে কম আঁচে রান্না করে নিতে হবে। এ সময় ভালোভাবে দেখে নিতে হবে ওই মিশ্রণে কোনও কিছু যাতে দলা পাকিয়ে না থাকে।
রান্না শেষে চুলা বন্ধ করে প্রস্তুত মিশ্রণটি একটি সিলিকন ছাঁচের মধ্যে সাবধানে ঢেলে নিতে হবে। ছাঁচ না থাকলে মিশ্রণটি সামান্য ঠান্ডা হওয়ার পর কাগজের কাপেও ঢেলে নেওয়া যেতে পারে। প্রায় ৩০ মিনিটের জন্য ঘরের স্বাভাবিক তাপমাত্রায় মিশ্রণটি জমাট বাঁধার জন্য রেখে দিতে হবে। কেউ দ্রুত সাবান প্রস্তুত করতে চাইলে মিশ্রণটি কিছু সময়ের জন্য ফ্রিজেও রাখতে পারেন।
সম্পূর্ণ শক্ত হওয়ার পর সাবানটি ছাঁচ বা কাগজের কাপ থেকে বের করে নিলেই ব্যবহার উপযোগী হয়ে যাবে। কমলালেবুর খোসা দিয়ে তৈরি এই প্রাকৃতিক সাবান ব্যবহার করলে সারাক্ষণ শরীরে একটা সতেজ সুগন্ধ বজায় থাকবে। তাছাড়া রাসায়নিক মুক্ত হওয়ায় কমলালেবুর খোসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী বলেও মনে করা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন