জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, তা নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তাঁর মতে, জীবনসঙ্গীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে, নিজের ভুল বুঝতে ও তা সংশোধন করতে জানতে হবে। পাশাপাশি অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না। এসব গুণের পাশাপাশি রান্না জানলে আরও ভালো এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর এই বক্তব্য এখন বিনোদন অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হন সাই পল্লবী। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষকে পছন্দ করবেন তিনি। জবাবে নিজের প্রত্যাশার কথা খোলামেলাভাবেই তুলে ধরেন সাই।
অভিনেত্রী জানান, তাঁর জীবনসঙ্গীকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। অতিরিক্ত আত্মকেন্দ্রিক হওয়া যাবে না। নিজের কাজ ও আচরণ নিয়ে চিন্তা করার মানসিকতা থাকতে হবে। জীবনে কোথায় দাঁড়িয়ে আছেন, সে সম্পর্কে নিজের উপলব্ধিও থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সাই পল্লবীর ভাষায়, মানুষ হিসেবে ভুল হতেই পারে। তবে নিজের ভুল বুঝতে পারা এবং তা সংশোধন করার মানসিকতা থাকা জরুরি। কোনো ভুলের জন্য অন্যের ওপর দোষ চাপিয়ে দেওয়া উচিত নয়। জীবনসঙ্গীর কাছে তাঁর প্রত্যাশার তালিকা খুব বেশি বড় নয় বলেও জানান অভিনেত্রী। তবে এসব গুণের পাশাপাশি রান্না জানলে বাড়তি ভালো লাগবে বলে মজার ছলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অমিতাভ বচ্চন সাই পল্লবীর চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করে অভিনয়জগতে আসার সিদ্ধান্ত নিয়েও জানতে চান। উত্তরে অভিনেত্রী বলেন, ঈশ্বরই হয়তো তাঁর ভাগ্যে অভিনয় লিখে রেখেছিলেন। তাঁর এই উত্তরে বিস্ময় প্রকাশ করেন অমিতাভ বচ্চন। এ সময় রণবীর কাপুর মজার ছলে বলেন, ঈশ্বরের প্রেসক্রিপশনেই লেখা ছিল তাঁকে অভিনয় করতে হবে। রণবীরের এমন মন্তব্যে অনুষ্ঠানে হাসির পরিবেশ তৈরি হয়।
এদিকে পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী। নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। পৌরাণিক কাহিনিনির্ভর এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী।
সাই জানান, সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর তিনি চরিত্রটিকে নিজের মতো করে বিচার করতে চাননি। বরং এই চরিত্রের মাধ্যমে নিজে কী শিখতে পারবেন, সেই বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে সেটিতে তিনি কী দিতে পারবেন, তা নিয়ে ভাবেন। কিন্তু সীতার চরিত্রের ক্ষেত্রে তাঁর চিন্তাভাবনা ছিল একেবারেই আলাদা।
অভিনেত্রীর মতে, সীতার চরিত্র থেকে জ্ঞান ও জীবনের শিক্ষা অর্জনের বিষয়টি তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে চেয়েছিলেন তিনি। কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজটি শুরু করেন বলেও জানান সাই পল্লবী।
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় আরও অভিনয় করছেন যশ, সানি দেওল ও রবি দুবে। এতে রাবণের চরিত্রে যশ, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।
প্রায় চার হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি দুই পর্বে মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। প্রথম পর্ব ‘রামায়ণ: পার্ট ওয়ান’ বিশ্বব্যাপী ২০২৬ সালের ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের দীপাবলি। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি সাই পল্লবীর অভিনয় নিয়েও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন