মেহেদি পরানোর সময় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে চুমু দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এক যুবক। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এরপর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন, কে এই যুবক? জানা গেছে, তার নাম আদনান আজাদ। প্রায় ১৮ বছর আগে একটি সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও এই অভিনেত্রীর সঙ্গে নতুন করে আলোচনায় এসেছেন আদনান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হবু বর-কনের সাজে রয়েছেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল হাসি-ঠাট্টা ও খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করে অপুকে চুমু দেন আদনান। এমন ঘটনায় কিছুটা চমকে গিয়ে লাজুক হাসিতে ধরা দেন অভিনেত্রী। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই আদনানের পরিচয় জানতে আগ্রহী হয়ে ওঠেন। খোঁজ নিয়ে জানা গেছে, অপু বিশ্বাসের সঙ্গে একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। মূলত দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতেই পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে চুমুর দৃশ্যটি। ফলে ভিডিওটি ঘিরে তৈরি হওয়া আলোচনা নতুন করে আলোচনায় এনেছে এই দুই অভিনয়শিল্পীর পুরোনো সম্পর্কও।

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর থেকেই দুজনকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই জানতে চান, কে এই আদনান এবং কীভাবে তার সঙ্গে পরিচয় অপুর? এবার ভাইরাল ভিডিও প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।

জানা গেছে, প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। ওই সিনেমার মধ্য দিয়েই নায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক হয়েছিল আদনানের। অন্যদিকে পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস।

তবে চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান আজাদ। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে তিনি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিতি পান। দীর্ঘ সময় পর আবারও অপু বিশ্বাসের সঙ্গে তার কাজের সম্ভাবনা তৈরি হওয়ায় বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি অপু বিশ্বাস জানিয়েছিলেন, আদনান আজাদের সঙ্গে নতুন একটি সিনেমা নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছে। আদনান বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে দক্ষ একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দুজনের মধ্যে আলোচনা এগোচ্ছে বলে জানান অভিনেত্রী।

সব মিলিয়ে প্রায় ১৮ বছর পর পুরোনো সহশিল্পী আদনান আজাদের সঙ্গে অপুর নতুন করে কাজের সম্ভাবনা এবং ভাইরাল চুমুর ভিডিও এখন আলোচনার কেন্দ্রে। তবে নতুন সিনেমার পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।