জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দাবি ও অগ্রাধিকার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সফরে তিনি ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন সরকারপ্রধান। সম্মেলনের পাশাপাশি কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা রয়েছে তার।

তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১। তবে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের জলবায়ু সম্মেলন হবে ১১ ও ১২ নভেম্বর। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন বলে জানিয়েছে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।

সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন এবং বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলে ধরবে বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা এবং দেশের অভিযোজন সক্ষমতা বাড়ানোর উদ্যোগও বিশ্বমঞ্চে তুলে ধরবে ঢাকা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরার কথা রয়েছে।

সফরের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ কয়েকটি দেশের নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও কূটনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেতে পারে।