তিন দিনের সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন। ১১ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে নারীর ক্ষমতায়ন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে। ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে প্রচারিত রয়্যাল কমিউনিকেশন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় সফরকালে ডাচেস বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়ন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন ডাচেস। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জানবেন। এ ছাড়া বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়সহ তরুণ অ্যাথলেটদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবেন ডাচেস সোফি। সেখানে তরুণদের সঙ্গে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় করবেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষা, সহায়তা, পুনর্বাসন এবং নেতৃত্ব বিকাশের উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেবেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে এই সফরে আসছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।