যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন পরিচিতি পেল ‘হাবিবি’ নামটি। মিশিগান থেকে সিনেট নির্বাচনে জয়ের কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছেন আব্দুল এল-সাঈদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার পর তাঁর এই উদ্যোগ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) জমা দেওয়া নথি অনুযায়ী, এল-সাঈদের পৃষ্ঠপোষকতায় কমিটিটি লিডারশিপ পিএসি হিসেবে নিবন্ধিত হয়েছে। এ ধরনের কমিটি কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনী প্রচার তহবিল থেকে আলাদা। এর মাধ্যমে অন্য প্রার্থীদের নির্বাচনী প্রচারে সহায়তা কিংবা বিরোধিতার জন্য অর্থ সংগ্রহ ও ব্যয় করা যায়।

‘হাবিবি’ একটি আরবি শব্দ। এর অর্থ ‘আমার প্রিয়’ বা ‘আমার ভালোবাসার মানুষ’। নির্বাচনী প্রচারের সময় শব্দটি প্রায়ই ব্যবহার করেছেন এল-সাঈদ। এমনকি বিজয় ভাষণেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জেডি, হাবিবি, কী দারুণ এক পরিহাস; সংবিধান অনুযায়ী, জানুয়ারিতে তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’

এল-সাঈদ ছাড়াও সাম্প্রতিক নির্বাচনে জয়ী কয়েকজন ডেমোক্র্যাট নেতা লিডারশিপ পিএসি গঠন করেছেন। এফইসির নথিতে অ্যারিজোনার নবনির্বাচিত কংগ্রেসম্যান আমিশ শাহর ‘পিএসি স্ট্রিট বয়’, আইওয়ার নবনির্বাচিত সিনেটর জশ তুরেকের ‘হুইলপ্যাক’ এবং নর্থ ক্যারোলাইনার নবনির্বাচিত সিনেটর রয় কুপারের ‘ওয়ান এনসি পিএসি’র নাম রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষণধর্মী সংস্থা ওপেনসিক্রেটসের তথ্য অনুযায়ী, লিডারশিপ পিএসি ব্যবহার করে রাজনীতিকেরা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ও প্রভাব বাড়ান। একই সঙ্গে দলীয় নেতৃত্বের পদ কিংবা গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হওয়ার সম্ভাবনাও জোরদার করতে পারেন। এসব কমিটি থেকে অন্য আইনপ্রণেতা, রাজনৈতিক দল ও বিভিন্ন কমিটিকে অর্থ সহায়তা দেওয়া হয়।

এল-সাঈদ নির্বাচনী প্রচারে রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর অঙ্গীকার করেছিলেন। তাঁর দাবি ছিল, করদাতাদের অর্থ বিদেশি সরকারের পেছনে ব্যয় না করে দেশের মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহার করা উচিত। নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। প্রচারের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও সিনেটর টেড ক্রুজ তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রমাণ ছাড়াই তাঁকে ‘জিহাদি’ ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।