সাংবাদিকদের প্রবল প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত চট্টগ্রামের একটি পরিচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। শনিবার (৭ নভেম্বর) দুপুরে অনুষ্ঠানটির আয়োজক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

কেন বাদ পড়লেন পরীমনি

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে সেই ঘটনার প্রায় ১৭ দিন আগেই এই ইভেন্টের জন্য অভিনেত্রীর সঙ্গে তাদের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছিল। কিন্তু এক গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে অসম্মান করায় চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সাংবাদিকদের যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখিয়ে এবং উদ্ভূত পরিস্থিতির কারণে আয়োজক কমিটি তাকে এই ইভেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ফেসবুকে পোস্ট এবং প্রতিবাদের ঝড়

গত শুক্রবার রাতে পরীমনি তার নিজস্ব ফেসবুক পেজে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম’। তার এই পোস্টের পরপরই একটি জাতীয় দৈনিকের এক সাংবাদিক সেই পোস্টারটি শেয়ার করে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি দাবি জানান, দৈনিক সমকালের সহকর্মী রবির কাছে এবং তার মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আয়োজকদের বিকল্প অতিথি খুঁজে নিতে হবে।

এই বক্তব্যটি মুহূর্তের মধ্যেই চট্টগ্রামে কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এমন প্রতিবাদের মুখেই আয়োজকরা পরীমনিকে বাদ দিয়ে ইতোমধ্যে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করেছেন। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হওয়ার কথা রয়েছে।