অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে জনপ্রিয় দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময় ব্যক্তিগত ও পেশাগত কারণে বিরোধ কিংবা মতবিরোধ তৈরি হয়। এসব বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান এবং শিল্পীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি কাজ করে। কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে কিংবা শিল্পীদের মধ্যে বিরোধ দেখা দিলে এই কমিটি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিয়ে থাকে।

সম্প্রতি এমনই একটি ঘটনায় তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশ কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। সেখানে সংশ্লিষ্ট বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে দুই অভিনেত্রীর পক্ষ থেকে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি এ বিষয়ে একটি ভিডিও বার্তা পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত হয়। তবে সালিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে তারা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।

এ অবস্থায় দুই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেয় সালিশ কমিটি। এ জন্য তাদের কাছে পরপর দুটি চিঠি পাঠানো হয়। কিন্তু চিঠি দুটির কোনো জবাব পাওয়া যায়নি। বরং পাঠানো চিঠি দুটি ফেরত আসে। পরবর্তী সময়ে মোবাইল ফোনের মাধ্যমেও তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সেখান থেকেও কোনো ধরনের সাড়া মেলেনি।

দীর্ঘ সময় অপেক্ষা করেও দুই অভিনেত্রীর কাছ থেকে ইতিবাচক কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় শেষ পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করে সালিশ কমিটি। পরে বিষয়টি অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হয়। সভায় সালিশ কমিটির দেওয়া সুপারিশ পর্যালোচনা করে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। এর মধ্য দিয়ে তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে গত ৭ জুলাই দুই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও তাদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে অনির্দিষ্টকালের জন্য তাদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে পৃথক সদস্যপদ স্থগিতের নোটিশ জারি করে সংগঠনটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

অভিনয়শিল্পী সংঘ আরও জানিয়েছে, অভিনয়শিল্পীদের কর্মস্থল ও পেশাগত পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংগঠনটি আপসহীন। শিল্পীদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত মর্যাদা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখা তাদের অন্যতম লক্ষ্য। একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা প্রকাশ করেছে সংগঠনটি।