এক মঞ্চে দেশের সাত জনপ্রিয় ব্যান্ড, আর টানা সাত ঘণ্টা সংগীতের আয়োজন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এমনই এক কনসার্টের আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে অংশ নেবেন জেমস, মাইলস, ওয়ারফেজসহ দেশের পরিচিত সাতটি ব্যান্ড।
কনসার্টে সংগীত পরিবেশন করবে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, একের পর এক ব্যান্ড মঞ্চে উঠে গান পরিবেশন করবে। সব মিলিয়ে আয়োজনটি চলবে সাত ঘণ্টা।
দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সংগীতের মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে সাংস্কৃতিক আবহ তৈরি করতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কনসার্টের প্রবেশদ্বার খুলবে বিকেল ৩টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। সবচেয়ে বড় বিষয়, দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। ফলে টিকিট ছাড়াই সংগীত উপভোগের সুযোগ পাবেন আগ্রহীরা।
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি জানিয়ে ব্যান্ড ওয়ারফেজও শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, একই শহরে, একই মঞ্চে সাতটি আইকনিক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ঐক্য ও সংহতির চেতনা উদ্যাপন করা হবে। আয়োজনটি স্মরণীয় করে তুলতে প্রস্তুত হওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
এক মঞ্চে জেমস, মাইলস, ওয়ারফেজ, আর্টসেল ও শিরোনামহীনের মতো জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বিনা মূল্যে দীর্ঘ সময় ধরে গান শোনার সুযোগ থাকায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের এ আয়োজন ঘিরে দর্শকদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন