হলিউডের সিনেমা, শুটিং আর প্রচারের ব্যস্ততা থেকে এবার নিজেদের জন্য সময় বের করতে চান তারকা জুটি জেন্ডায়া ও টম হল্যান্ড। তবে দুজনের বিশ্রামের পরিকল্পনা এক নয়। জেন্ডায়া চলতি বছরের ব্যস্ততা শেষে কিছুদিন আড়ালে থাকতে চান। আর টম হল্যান্ডের লক্ষ্য ২০২৭ সালে কাজ থেকে তুলনামূলক দীর্ঘ বিরতি নেওয়া।

২০২৬ সাল জেন্ডায়ার ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় হতে যাচ্ছে। এ বছর তাঁর অভিনীত একাধিক বড় প্রকল্প মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে আছে ‘দ্য ড্রামা’, ‘ইউফোরিয়া’র তৃতীয় মৌসুম, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘দ্য ওডিসি’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’।

সম্প্রতি ‘দ্য ড্রামা’ সিনেমার প্রচারে ফ্যানডাঙ্গোর ‘বিগ টিকিট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান জেন্ডায়া। সেখানে তিনি বলেন, এত কাজের পর কিছুদিনের জন্য উধাও হয়ে যেতে চান। অর্থাৎ, চলতি বছরের প্রকল্পগুলোর ব্যস্ততা শেষ করে ব্যক্তিগত সময় কাটানোই এখন তাঁর লক্ষ্য।

অন্যদিকে, ব্রিটিশ জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে টম হল্যান্ড জানিয়েছেন, ২০২৬ সাল তাঁর জন্য বেশ কর্মব্যস্ত হতে যাচ্ছে। সেই ব্যস্ততার পর ২০২৭ সালে অভিনয় ও অন্যান্য কাজ থেকে কিছুটা দীর্ঘ সময় দূরে থাকার পরিকল্পনা করছেন তিনি।

কেন এই বিরতি প্রয়োজন, সে বিষয়েও নিজের ভাবনা তুলে ধরেছেন টম। তাঁর মতে, সব সিনেমায় অভিনয় করা সম্ভব নয়। অতিরিক্ত ক্লান্তি নিয়ে কাজ করলে অভিনয়ে নিজের সেরাটা দেওয়াও কঠিন হয়ে পড়ে। তাই কাজের পাশাপাশি বিশ্রাম এবং ব্যক্তিগত জীবনের জন্য সময় রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

দীর্ঘদিন ধরে হলিউডের বড় বড় প্রকল্পে কাজ করছেন জেন্ডায়া ও টম হল্যান্ড। তাঁদের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি ক্যারিয়ারসংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। এবার দুজনের বিরতির পরিকল্পনা সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।