চিতল মাছ দিয়ে সাধারণত পরিচিত কয়েকটি পদই রান্না করা হয়। তবে স্বাদে ভিন্নতা আনতে চাইলে তৈরি করতে পারেন নারকেল ও পোস্তের কোপ্তা কালিয়া। মাছের কোপ্তার সঙ্গে নারকেল-পোস্তের মসলা মিশে তৈরি হবে দারুণ স্বাদের একটি পদ। বাড়ির খাবারের পাশাপাশি অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই বিশেষ রান্না। জেনে নিন চিতল মাছের কোপ্তা কালিয়া তৈরির সহজ রেসিপি।

কোপ্তা তৈরির উপকরণ:

  • চিতল মাছ ৫০০ গ্রাম

  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

  • কাঁচামরিচ কুচি ২টি

  • আদা বাটা আধা চা চামচ

  • রসুন বাটা আধা চা চামচ

  • ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

  • ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

  • চালের গুঁড়া ১ টেবিল চামচ

  • লবণ স্বাদমতো

  • সয়াবিন তেল ভাজার জন্য

কালিয়া তৈরির উপকরণ:

  • পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

  • নারকেল বাটা ৩ টেবিল চামচ

  • পোস্ত বাটা দেড় টেবিল চামচ

  • আদা বাটা ১ চা চামচ

  • রসুন বাটা আধা চা চামচ

  • হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া আধা চা চামচ করে

  • ধনে গুঁড়া ১ চা চামচ

  • জিরা গুঁড়া আধা চা চামচ

  • টক দই ১ টেবিল চামচ

  • গরম মসলা চার ভাগের এক চা চামচ

  • কাঁচামরিচ ৩-৪টি

  • লবণ স্বাদমতো

  • সয়াবিন তেল ৩ টেবিল চামচ

  • গরম পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি:

প্রথমে চিতল মাছ পরিষ্কার করে লবণ দিয়ে হালকা ভাপে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে মাছের কাঁটা বেছে মাংস আলাদা করে ভালোভাবে চটকে নিন। এবার এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা-রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা, লবণ ও চালের গুঁড়া মিশিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট গোল কোপ্তা তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কোপ্তাগুলো সোনালি করে ভেজে তুলে রাখুন।

এবার কালিয়া তৈরির পালা। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি মিশিয়ে মসলা ভালোভাবে কষান। এবার নারকেল বাটা ও পোস্ত বাটা দিয়ে কম আঁচে রান্না করুন। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে টক দই মিশিয়ে দিন।

সবশেষে প্রয়োজনমতো গরম পানি দিয়ে মাঝারি ঘন গ্রেভি তৈরি করুন। এতে আগে থেকে ভেজে রাখা মাছের কোপ্তাগুলো দিয়ে দিন। কাঁচামরিচ ছড়িয়ে ঢেকে কম আঁচে ৫ থেকে ৬ মিনিট রান্না করুন। এরপর গরম মসলা ছিটিয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু চিতল মাছের নারকেল-পোস্তের কোপ্তা কালিয়া। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।