পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কারখানা নিরাপদ স্থানে সরিয়ে নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্মাণ করা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে গড়ে ওঠা এ প্রকল্পের ৮৩ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো নতুন শিল্প পার্কে স্থানান্তরের বিষয়ে অংশীজনদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল শিল্প স্থানান্তরের প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো নতুন কোনো জটিলতা তৈরি না হয়। এ উদ্যোগে ব্যবসায়ী সমিতি, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে।
কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধান ছাড়া প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিত্রকোট ও কামারকান্দা মৌজায় ইছামতি নদীর তীরে নির্মিত হচ্ছে এ শিল্প পার্ক। এখানে মোট ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সভায় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান ও মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন