তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির শহরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বিস্ফোরণের পর কারখানার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ইস্পাত কারখানায় স্থানীয় সময় দুপুরে এ বিস্ফোরণ ঘটে। গভর্নরের ভাষ্য অনুযায়ী, কারখানায় তরল ইস্পাত ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি বড় বৈদ্যুতিক চুল্লির ওপর ওভারহেড ক্রেন ভেঙে পড়ে। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলের ভিডিওতে কারখানার একটি উঁচু কাঠামো থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। গভর্নর জানান, বিস্ফোরণে ১০ শ্রমিক প্রাণ হারিয়েছেন। ধসে পড়া বিভিন্ন উপকরণের নিচে আরও আটজন আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। দেনিজ উলকার নামের এক ব্যক্তি জানান, বিস্ফোরণের শব্দ তাঁর কাছে ভূমিকম্পের মতো মনে হয়েছিল। কারখানার ট্রাকচালক তুরান ইলবাও বলেন, ঘটনাটি দেখে তাঁর মনে হয়েছিল যেন বোমা বিস্ফোরিত হয়েছে। ইজমিরের মেয়র সেমিল তুগায় জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ভেঙে পড়া প্ল্যাটফর্ম সরানোর কাজ করছেন। ধ্বংসস্তূপ অপসারণের পর হতাহতের প্রকৃত সংখ্যা আরও স্পষ্ট হবে।

এদিকে, কারখানাটির শ্রমিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, তুরস্কের অন্যতম বৃহৎ বেসরকারি ইস্পাত উৎপাদক হাবাস গ্রুপের কারখানায় নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে কারখানাটিতে কর্মরত অবস্থায় অন্তত ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দৈনিক এভ্রেনসেল।

মার্ক্সবাদী দল ওয়ার্কার্স পার্টি অব টার্কির দাবি, গত তিন সপ্তাহে হাবাস কারখানায় শ্রমিক নিহত হওয়ার এটি তৃতীয় ঘটনা। এর আগে ২১ অক্টোবর সিঁড়ি থেকে পড়ে একজন শ্রমিক এবং আরেক ঘটনায় নির্মাণযন্ত্রের চাকার বাতাস দেওয়ার সময় বিস্ফোরণে অন্য এক শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, এসব মৃত্যুর পেছনে অনিরাপদ কর্মপরিবেশের ভূমিকা রয়েছে। দুর্ঘটনার বিষয়ে হাবাস কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।