বয়স ৪০ পেরোলেই অনেকের শরীরে ওজন বাড়ার প্রবণতা দেখা দেয়। এ সময় হরমোনের পরিবর্তন, বিপাকহার কমে যাওয়া এবং পেশির শক্তি হ্রাসের কারণে আগের মতো সহজে ওজন কমানো সম্ভব হয় না। বিশেষ করে নারীদের রজোনিবৃত্তির আগের পর্যায়ে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন দেখা দিতে পারে। তবে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এ বয়সেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ভারতের মুম্বাইয়ের পুষ্টিবিদ ঋজুতা দিবেকর ৪০ বছর পার করা ব্যক্তিদের জন্য ওজন নিয়ন্ত্রণের চারটি কৌশলের কথা জানিয়েছেন। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও শিল্পা শেঠির মতো তারকারাও তাঁর পরামর্শ নিয়ে থাকেন। তাঁর মতে, ওজন কমানোর ক্ষেত্রে শুধু খাবার কমিয়ে দেওয়া নয়, বরং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ।
১. নিয়মিত যোগাসন করুন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির শক্তি ও শরীরের ভারসাম্য ধরে রাখা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঋজুতা দিবেকরের পরামর্শ, নিয়মিত যোগাসনের অভ্যাস শরীরের নমনীয়তা ও পেশির সক্ষমতা বজায় রাখতে সহায়তা করতে পারে। হলাসন, শীর্ষাসন ও সর্বাঙ্গাসনের মতো যোগাসনের কথা উল্লেখ করেছেন তিনি। তবে এসব আসন সবার জন্য উপযোগী নয়। তাই প্রশিক্ষকের পরামর্শ নিয়ে যোগাসন করা উচিত।
২. খাদ্যতালিকায় রাখুন বৈচিত্র্য
ওজন বাড়ার ভয়ে অনেকেই খাবারের পরিমাণ অতিরিক্ত কমিয়ে দেন কিংবা পছন্দের অনেক খাবার বাদ দেন। কিন্তু এতে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে। পুষ্টিবিদের পরামর্শ, রাগি, জোয়ার, বাজরা, অমরন্থ, ওল, কচু ও রাঙাআলুর মতো খাবার পরিমিত পরিমাণে খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পাশাপাশি চিনাবাদাম থেকেও প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য পুষ্টি পাওয়া যায়।
৩. পেটের মেদ নিয়ন্ত্রণে রাখুন
৪০ বছরের পর অনেকের পেট ও কোমরের চারপাশে চর্বি জমার প্রবণতা বাড়ে। বিশেষ করে পেটের অতিরিক্ত চর্বি ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই শুধু শরীরের মোট ওজন নয়, কোমরের মাপের দিকেও নজর দেওয়া প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা ও সুষম খাবারের মাধ্যমে পেটের মেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা উচিত।
৪. শরীরচর্চায় ধারাবাহিকতা বজায় রাখুন
দীর্ঘদিন শরীরচর্চা না করে হঠাৎ কয়েক দিনের ডায়েট বা ব্যায়ামে বড় পরিবর্তনের আশা করা ঠিক নয়। ওজন নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই প্রতিদিনের রুটিনে হাঁটা, উপযোগী ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবারের অভ্যাস যুক্ত করতে হবে। একটানা নিয়ম মেনে চলার মাধ্যমেই ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
৪০ বছরের পর ওজন নিয়ন্ত্রণের জন্য দ্রুত ফল পাওয়ার চেষ্টা না করে নিজের শরীরের প্রয়োজন বুঝে জীবনযাপন করা জরুরি। বয়স, শারীরিক অবস্থা ও হরমোনের পরিবর্তন অনুযায়ী খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের পরিকল্পনা করা ভালো। বিশেষ করে দীর্ঘদিনের অসুস্থতা বা শারীরিক সমস্যা থাকলে নতুন ব্যায়াম বা খাদ্যাভ্যাস শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন