রাজধানীর বুড়িগঙ্গা নদীতে আবারও দেখা মিলছে বকের। দীর্ঘদিন ধরে দূষণের কারণে নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হলেও সম্প্রতি সদরঘাটসহ বিভিন্ন এলাকায় কচুরিপানার ওপর দল বেঁধে বসে থাকতে দেখা যাচ্ছে এসব পাখি। স্থানীয়দের মতে, আগের তুলনায় নদীতে বকের আনাগোনা বেড়েছে।

একসময় বুড়িগঙ্গার পাড়ে এবং পানিতে ভেসে থাকা কচুরিপানার ওপর প্রায়ই বক দেখা যেত। তবে সময়ের সঙ্গে নদীর দূষণ বাড়তে থাকায় পাখিগুলোর উপস্থিতি কমে আসে। দীর্ঘদিন পর আবার বকের বিচরণ চোখে পড়ায় বিষয়টি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে।

লক্ষ্মীবাজারের বাসিন্দা অপু দাস জানান, দীর্ঘদিন বুড়িগঙ্গায় বকের আনাগোনা কম ছিল। তবে এখন প্রায়ই নদীর বিভিন্ন স্থানে এসব পাখি দেখা যাচ্ছে।

মোহাম্মদপুরের বাসিন্দা ও আলোকচিত্রী ফাহাদ আল আলম ছবি তুলতে সদরঘাট এলাকায় গিয়ে বকের এই দৃশ্য দেখতে পান। তাঁর ভাষ্য, আগে বুড়িগঙ্গায় অনেক বক দেখা গেলেও ধীরে ধীরে তাদের উপস্থিতি কমে গিয়েছিল। এখন আবার তুলনামূলক বেশি বক চোখে পড়ছে।

বক সাধারণত নদী, খাল, বিল ও জলাভূমিতে বিচরণ করে। মাছ, ছোট জলজ প্রাণী, ব্যাঙ ও পোকামাকড় এদের প্রধান খাদ্য। জলজ পরিবেশের সঙ্গে এসব পাখির খাদ্যপ্রাপ্তি ও বসবাসের সম্পর্ক রয়েছে। তাই বুড়িগঙ্গায় বকের উপস্থিতি বাড়ার বিষয়টি নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।