রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। চলতি বছরের নভেম্বরের প্রথম আট দিনেই দেশে এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত রোববার (৮ নভেম্বর) এক দিনেই দেশে এসেছে ২৫ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ১১২ কোটি ৪০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের নভেম্বরের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ কোটি ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

চলতি অর্থবছরের হিসাবেও প্রবাসী আয়ের ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার।

এই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নভেম্বরের প্রথম আট দিনের এই প্রবৃদ্ধি রেমিট্যান্স খাতে ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে।