ঝুমুরের বাল্যবিবাহ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে রাজি না হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়েছিল পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তার। তার আবেদনে সাড়া দিয়ে উপজেলা প্রশাসন বিয়ের আয়োজন বন্ধ করে। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নির্দেশনায় তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম এবং মাদরাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে তার পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেন ইউএনও।

ঝুমুর চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১। শিক্ষকদের মতে, পড়াশোনায় সে অত্যন্ত মনোযোগী এবং নিয়মিত ভালো ফল করে। কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। ৯ নভেম্বর বিয়ের দিনও ঠিক করা হয়।

পরিবারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ৮ নভেম্বর মাদরাসার সুপারের কাছে লিখিত আবেদন করে ঝুমুর। সেখানে সে জানায়, এখনই বিয়ে করতে চায় না, বরং পড়াশোনা শেষ করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। তার সেই আকুতিই শেষ পর্যন্ত প্রশাসনের নজরে আসে। ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার সাহসী সিদ্ধান্তের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।

ঝুমুরের বাবা লাল মিয়া সরদার জানান, তিনি দিনমজুর। সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়েছে এবং তাদের সন্তানদের পড়াশোনার খরচও তাঁকে বহন করতে হয়। আর্থিক সংকটের কারণে ঝুমুরের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। এ অবস্থায় তিনি মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেন। তবে এখন পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস পাওয়ায় মেয়েকে লেখাপড়া করাতে চান তিনি। মাদরাসার সুপারও জানিয়েছেন, ঝুমুর তাঁর প্রতিষ্ঠানে যত দিন পড়বে, তত দিন তার পড়াশোনার কোনো খরচ লাগবে না।