উজ্জ্বলের আজীবন সম্মাননা প্রাপ্তির খবরে বাংলা চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে আনন্দের আবহ। চলচ্চিত্রে দীর্ঘদিনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন মেগাস্টারখ্যাত অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ওই আয়োজনেই উজ্জ্বলের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননা। সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি চিঠির মাধ্যমে অভিনেতাকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চলচ্চিত্রশিল্পে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে তাকে আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সিজেএফবি জানিয়েছে, গত ২৪ বছরে সংগঠনটির আজীবন সম্মাননা পেয়েছেন দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, হুমায়ূন আহমেদ, জুয়েল আইচ, শবনম ও তারিক আনাম খানসহ আরও অনেকে।

জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন সিজেএফবি। এবার তাদের পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্রে অবদানের জন্য উজ্জ্বলকে সম্মানিত করা হবে।