চট্টগ্রামে বাসে আগুন এবং নিউমার্কেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার রাতে কালুরঘাট এলাকায় সড়কের পাশে পার্ক করা একটি বাসে আগুন লাগে। একই রাতে নগরের ব্যস্ত নিউমার্কেট মোড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে দুটি ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাগুলোকে নাশকতা হিসেবে দেখছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, নিউমার্কেট মোড়ে সড়কের ওপর কিছু একটা ছুড়ে মারার পর বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ভিডিওতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে সেখানে দুই থেকে তিনটি বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে যানবাহন ও পথচারীদের চলাচলও ব্যাহত হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর ধারণা, ককটেল নয়, পটকা ফাটানো হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ জানান, রোববার রাতে দুটি পৃথক ঘটনা ঘটেছে। কালুরঘাটে পুড়ে যাওয়া বাসটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেখানে মাদকসেবীদের আড্ডা হতো বলে জানা গেছে। মাদক সেবনের সময় দুর্ঘটনাবশত আগুন লাগতে পারে বলেও ধারণা করছে পুলিশ। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটিকে ফটকা ফাটানোর ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুটি ঘটনারই তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসেবে দেখলেও বাসে আগুন লাগার কারণ এবং নিউমার্কেটের বিস্ফোরণের প্রকৃতি নিশ্চিত হতে তদন্তের ফলাফলের অপেক্ষা করছে পুলিশ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন