বিদেশে অর্থ পাঠানোর নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা এবং নির্দিষ্ট একাডেমিক কোর্সের খরচ মেটানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বিদেশে চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটানোর পাশাপাশি আবাসিক বাংলাদেশিদের দেশে আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার খরচ পাঠাতে আর বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ ধরনের অর্থ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন প্রয়োজন হতো।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের খরচও আগাম অনুমোদন ছাড়াই পাঠানো যাবে। ফলে বিদেশে বিভিন্ন পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া তুলনামূলক সহজ হবে।

বিদেশে চিকিৎসার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আগে একজন ব্যক্তি অনুমতি ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত চিকিৎসা ব্যয় পাঠাতে পারতেন। নতুন সিদ্ধান্তে সেই সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। অর্থাৎ, এখন এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একজনের চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে।

অন্যদিকে, বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা আরএফসিডি হিসাবে জমা রাখার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হয়েছে। এখন থেকে আবাসিক বাংলাদেশিরা কেবল কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করা বৈদেশিক মুদ্রাই এ হিসাবে জমা করতে পারবেন। নতুন নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিধিবিধান সংশোধিত বলে গণ্য হবে। তবে আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।