পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের সঙ্গে একমত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পূর্বঘোষিত সূচি অনুসারেই ভর্তি আবেদন ও পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারীদের সম্মতিতে আগের সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ভর্তি কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে না। আগে ঘোষিত সময় অনুযায়ী আবেদন গ্রহণ ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে একই দিন ইউজিসিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় ভর্তি পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে জানুয়ারিতে আবেদন গ্রহণ ও ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা জানায় কমিশন।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এসব শিক্ষার্থীর জন্য ডিসেম্বরের শুরুতে সম্পূরক পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।

সরকার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান, সেটি বিবেচনায় রেখেছে ইউজিসি। তবে ঢাবি নিজেদের পূর্বঘোষিত সূচিতে অনড় থাকায় ভর্তি পরীক্ষার সময় নিয়ে দুই কর্তৃপক্ষের অবস্থানে পার্থক্য তৈরি হয়েছে।