নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

গায়ে লাল পাঞ্জাবি আর মুখে বাহারি রং মেখে প্রতিদিনই বাড়ি থেকে বের হন বাবুল হোসেন বাবু। জীবিকার তাগিদে প্রায়ই ছুটে বেড়ান নওগাঁর বিভিন্ন উপজেলাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলগুলোতে। বিশেষ করে সাপ্তাহিক হাট ও নিয়মিত বসা বাজারগুলোতে নেচে, গান গেয়ে যে আয় হয় তা দিয়ে বাবু সংসারের চাকা সচল রেখেছেন।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের গান শুনিয়ে আনন্দ দিয়ে কিছু পয়সা পেলেই খুশি বাবু। বাহারি সাজের এ মানুষটি গান শুনিয়ে আনন্দ দিলেও জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জন্মদাতা মা ও দুই মেয়ে ছাড়া বাবুলের আর কেউ নেই। স্ত্রীকে হারিয়েছেন অনেক আগেই। তাই তো সংসার চালাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান আর গল্প শুনান তিনি।

বাহারি পোশাকের এ মানুষটি হারমোনিয়াম কাঁধে নিয়ে জীবিকার তাগিদে ছুটে বেড়ান পুরো জেলা জুড়ে। গান শেষে খাবার খেয়ে পথের ধারে, রেল স্টেশন কিংবা বাস টার্মিনালে ঘুমিয়ে পড়েন। প্রায় এক যুগ ধরে এভাবেই চলছে তার। এলাকায় সবাই তাকে বাবু গাইয়েন বলেই চেনেন।