চোখের পাতায় হঠাৎ ছোট গুটি বা ফোলাভাব দেখা দিলে অনেকেই একে অঞ্জনি বলে থাকেন। কখনো এতে ব্যথা থাকে, আবার কখনো কোনো ব্যথা ছাড়াই শক্ত দানার মতো গুটি তৈরি হয়। চোখে অঞ্জনি হলে আতঙ্কিত না হয়ে এর কারণ ও ধরন বুঝে প্রয়োজনীয় যত্ন নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, চোখের পাতার তেলগ্রন্থি বন্ধ হয়ে এমন সমস্যা তৈরি হতে পারে।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাউদ আল ফয়সাল ইমনের দেওয়া তথ্য অনুযায়ী, চোখের পাতায় থাকা মেবোমিয়ান গ্রন্থি থেকে তেল নিঃসৃত হয়। এই তেল চোখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কোনো কারণে গ্রন্থির মুখ বন্ধ হয়ে গেলে ভেতরে তেল জমে শক্ত গুটির সৃষ্টি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ক্যালাজিয়ন বলা হয়। সাধারণত এটি ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের কারণে হয় না।
চোখের পাতায় গুটি তৈরি হওয়া, ফোলাভাব এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা না থাকা ক্যালাজিয়নের সাধারণ লক্ষণ। গুটি বড় হয়ে গেলে চোখের বলের ওপর চাপ পড়তে পারে। এতে চোখে অস্বস্তি, পানি পড়া কিংবা দৃষ্টি ঝাপসা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এক বা দুই চোখের ওপরের কিংবা নিচের পাতায় এটি হতে পারে।
তবে ক্যালাজিয়ন ও স্টাই এক বিষয় নয়। স্টাই সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। এতে চোখের পাতার প্রান্তে লাল, ব্যথাযুক্ত ফোলা দেখা দেয় এবং কখনো পুঁজও তৈরি হতে পারে। অন্যদিকে ক্যালাজিয়ন সাধারণত চোখের পাতার কিছুটা ভেতরের দিকে শক্ত গুটির মতো হয় এবং তাতে ব্যথা কম থাকে বা একেবারেই থাকে না। দুটি সমস্যার লক্ষণ কাছাকাছি হওয়ায় নিশ্চিত হতে চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
চোখে অঞ্জনি বা ক্যালাজিয়ন হলে প্রথমেই পরিষ্কার কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে বন্ধ চোখের পাতার ওপর ১০ থেকে ১৫ মিনিট ধরে রাখা যেতে পারে। দিনে তিন থেকে পাঁচবার এভাবে গরম সেঁক দিলে বন্ধ গ্রন্থির জমে থাকা তেল নরম হয়ে বের হতে সহায়তা করতে পারে। তবে গুটি কখনো চাপ দিয়ে ফাটানো বা নিজে থেকে পরিষ্কার করার চেষ্টা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক আই ড্রপ বা মলম ব্যবহার করাও ঠিক নয়।
চোখে অঞ্জনি বারবার হওয়া ঠেকাতে হাত পরিষ্কার রাখা, চোখে হাত দেওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া এবং নিয়মিত চোখের পাতার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। চোখের প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং ঘুমানোর আগে মেকআপ পরিষ্কার করতে হবে। কন্টাক্ট লেন্স ব্যবহার করলে সঠিকভাবে পরিষ্কার রাখতে হবে। গুটি কয়েক সপ্তাহেও না কমলে, বড় হতে থাকলে, দৃষ্টিতে সমস্যা তৈরি করলে কিংবা চোখের চারপাশে লালভাব ও ফোলাভাব ছড়িয়ে পড়লে দ্রুত চক্ষু চিকিৎসকের কাছে যেতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন