জীবন চলার পথে ঝামেলা, অনিশ্চয়তা আর অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রায় সবাইকে। কখনো কাজের চাপ, কখনো পারিবারিক দায়িত্ব, আবার কখনো ব্যক্তিগত সমস্যায় ব্যস্ত হয়ে পড়ে দিন। এসব জটিলতা যে সহজে শেষ হওয়ার নয়, সেই বাস্তবতাকে হাসিমুখে মেনে নেওয়ার বার্তা নিয়েই আজ ৯ নভেম্বর পালিত হচ্ছে ‘ঝামেলার শেষ নেই’ দিবস বা Chaos Never Dies Day।
দিবসটির মূল ভাবনা হলো, জীবনে সবকিছু নিজের পরিকল্পনামতো চলবে- এমন প্রত্যাশা না করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ ঝামেলামুক্ত জীবনের নিশ্চয়তা কারও নেই। ছোট-বড় সমস্যা আসতেই পারে, তবে সেগুলো নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়াই হতে পারে ইতিবাচক জীবনযাপনের উপায়।
এই দিবসের উৎপত্তি কোথায় বা কবে, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য খুব একটা পাওয়া যায় না। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে দিনটি পালনের প্রচলন রয়েছে। এটি কোনো বড় আনুষ্ঠানিক আয়োজনের দিন নয়; বরং জীবনের অগোছালো দিকগুলোকে স্বীকার করে নেওয়া এবং সেগুলোর মধ্যেও আনন্দ খুঁজে পাওয়ার একটি প্রতীকী উপলক্ষ।
প্রতিদিনের ব্যস্ততা ও দুশ্চিন্তার মধ্যে নিজের যত্ন নেওয়ার বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে। অথচ দিনের শুরুতে কিছুক্ষণ হাঁটা, হালকা ব্যায়াম কিংবা পছন্দের পানীয় নিয়ে নিরিবিলি সময় কাটানো মনকে সতেজ করতে পারে। সামান্য বিরতিও কখনো কখনো মানসিক চাপ কমাতে সাহায্য করে।
প্রযুক্তিনির্ভর ব্যস্ততা থেকেও কিছু সময় দূরে থাকা যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন বন্ধ রেখে বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা পছন্দের কোনো কাজ করার সুযোগ তৈরি করুন। সব সমস্যার সমাধান একদিনে সম্ভব না হলেও নিজের জন্য কিছুটা স্বস্তির সময় বের করা কঠিন নয়।
‘ঝামেলার শেষ নেই’ দিবসের বার্তা তাই বেশ সহজ জীবনের প্রতিটি জটিলতার সঙ্গে লড়াই করতে গিয়ে যেন আনন্দ হারিয়ে না যায়। সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষায় না থেকে ছোট ছোট ভালো মুহূর্ত উপভোগ করাও জরুরি। কারণ উত্থান-পতন, আনন্দ-বেদনা আর নানা অভিজ্ঞতার সমন্বয়েই জীবন হয়ে ওঠে বৈচিত্র্যময়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন